বেনাপোল সীমান্তে ২ কোটি ২১ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আজ ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

নিজস্ব প্রতিবেদক
আটক হওয়া সাহাব উদ্দিন সরদার
আটক হওয়া সাহাব উদ্দিন সরদার |নয়া দিগন্ত

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে এক কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক হওয়া সাহাব উদ্দিন সরদার বেনাপোলের বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক হওয়া ব্যক্তির কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এক কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া তার ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তি জানান, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। এরপর যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি পুটখালী এলাকায় যাচ্ছিলেন।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে স্বর্ণসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক চোরাচালান বিরোধী আইনে মামলা দায়েরের মাধ্যমে তাকে যশোরের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।