খাগড়াছড়িতে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান, কমলো মুরগির দাম

অভিযানের পূর্বে দেশী মুরগী ৬২০, ব্রয়লার ২৪০, সোনালী ৩৪০, লাল মুরগী ৩৬০ টাকা দামে বিক্রি হচ্ছিল।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
ছবি : নয়া দিগন্ত

খাগড়াছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর মুরগির দাম কেজিতে ১০ টাকা কমানো হয়েছে। এ সময় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শনকালে ক্রয় রশিদ দেখাতে বলা হয়। এতে ব্যর্থ হওয়ায় এক কাপড় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে খাগড়াছড়ি বাজারে অভিযান পরিচালনা করে বাজার মনিটরিং এ গঠিত টাস্কফোর্স।

খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: ইউনুস, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কেএম আবু তাহেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

খুচরা পর্যায়ে মুরগি কেনা দরের তুলনায় কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। অভিযানের সময় বিষয়টি ম্যাজিস্ট্রেটের নজরে আসার পর বাজার মনিটরিং টাস্কফোর্স কমিটির সদস্যরা ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সব ধরনের মুরগির দাম কেজি প্রতি ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেন।

অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় খাগড়াছড়ি মিনি সুপার মার্কেটের এক কাপড় ব্যবসায়ী ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ হোসেন বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করতে সতর্ক করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, অভিযানের পূর্বে দেশী মুরগী ৬২০, ব্রয়লার ২৪০, সোনালী ৩৪০, লাল মুরগী ৩৬০ টাকা দামে বিক্রি হচ্ছিল।