কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকাডুবিতে চা শ্রমিকের মৃত্যু

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রঞ্জন বাউরী ও মালিক পক্ষের লোক আনকার মিয়া ধানবোঝাই নৌকা নিয়ে মালিকের বাড়ি ফিরছিলেন।

মৌলভীবাজার প্রতিনিধি

Location :

Maulvibazar
নৌকাডুবিতে চা শ্রমিকের মৃত্যু
নৌকাডুবিতে চা শ্রমিকের মৃত্যু |প্রতীকী ছবি

মৌলভীবাজারের রাজনগরের কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকাডুবিতে রঞ্জন বাউরী (৪০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে হাওরের উত্তর পাশের গোলাইয়া বিল থেকে ধানবোঝাই নৌকা নিয়ে জমির মালিকের বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চা শ্রমিক রঞ্জন বাউরী কমলগঞ্জ শমশেরনগর চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টার বাসুদেব বাউরীর দ্বিতীয় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রঞ্জন বাউরী ও মালিক পক্ষের লোক আনকার মিয়া ধানবোঝাই নৌকা নিয়ে মালিকের বাড়ি ফিরছিলেন। এ সময় রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার নামক স্থানে পৌঁছার আগেই হঠাৎ ধানবোঝাই নৌকাটি ডুবে যায়। আনকার মিয়া সাতাঁর কেটে অল্পের জন‍্য বেচেঁ যান। কিন্তু চা শ্রমিক রঞ্জন পানিতে পড়ে যান।

প্রত‍্যক্ষদর্শীরা সাথে সাথে পানিতে নেমে তাকে উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় আব্দুর রউফ জানান, রঞ্জন ধান কাটা শ্রমিক হিসেবে ১৫-২০ দিন ধরে এলাকার অনেকের ধান কাটার কাজ করছে। আজ এমন মর্মান্তিক ঘটনা ঘটলো এতে আমরা শোকাহত।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া বলেন, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আমরা নিহতের স্বজনদের খবর দিয়েছি। তাদের সাথেই আলাপ করে আইনি ব‍্যবস্থা গ্রহণ করব।