সিলেটে হামে আরো ১ শিশুর মৃত্যু

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭২ জন রোগী।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হামে আক্রান্ত শিশু
হামে আক্রান্ত শিশু |নয়া দিগন্ত

সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী তিন মাস ১৮ দিন বয়সী শিশু লক্ষণ সরকার সিলেট নগরীর করেরপাড়ার বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় ছয়জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৪ জন।

মঙ্গলবার (৩০ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭২ জন রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ৮২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকী ৮১ জন শিশু। এরমধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকীদের উপসর্গে মৃত্যু হয়েছে।

মৃত্যুবরণকারীদের মধ্যে সর্বোচ্চ ৩৫ জন সুনামগঞ্জ জেলার, এরপর ৩০ জন সিলেটের, মৌলভীবাজারের ১১ ও হবিগঞ্জের ছয়জন রয়েছেন।

এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩৮৬ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২১৯ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ১১৭, হবিগঞ্জের ৩৪ ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তিকৃত সন্দেহজনক ২৭২ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ১১২ জন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৬, রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ছয়, মাউন্ট এডোরা হাসপাতালে দুই, নর্থ ইস্ট হাসপাতালে নয়, পার্কভিউ মেডিকেল হাসপাতালে দুই, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, সিলেট লায়ন্স হাসপাতালে পাঁচ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন।