প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এতে আবারো বিএনপি ও জামায়াতের মধ্যে ভোটের লড়াই শুরু হয়েছে।
আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া এবং তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশাসহ বিএনপির নেতাকর্মীরা।
দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ শুরু করেন বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এসময় তিনি শহরের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার।
বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘বগুড়া সদর আসন মূলত জিয়া পরিবারের আসন। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াকে নিয়ে স্বপ্ন দেখেন, বগুড়াকে এগিয়ে নিতে তার প্রতিনিধি হিসেবে আমাকে মনোনীত করেছেন।’
বগুড়ার সার্বিক উন্নয়নে ভোটাররা তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে প্রত্যাশা করেন তিনি।
অন্যদিকে সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের সেউজগাড়ী এলাকায় মোনাজাত শেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন এবং সমাবেশে বক্তব্য দেন।
এসময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, আব্দুল হালিম বেগ, আব্দুল হামিদ বেগ, অ্যাডভোকেট আল আমিন তরফদার, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ, আব্দুস সালাম তুহিন, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেন, ‘এবার সঠিক নেতৃত্ব বাছাইয়ে ভুল করবে না বগুড়ার মানুষ। তারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন।’
যেকোনো কারচুপি ঠেকাতে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন।



