লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্য গুরুতর জখম, ঢাকায় প্রেরণ

মাওলানা সিরাজুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি পরপর ৫ বার ৪নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

Location :

Narail
মাওলানা সিরাজুল ইসলাম
মাওলানা সিরাজুল ইসলাম |ছবি : নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলামকে (৫১) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বালুর চাতালের পাশে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, কাজ শেষে মাওলানা মো: সিরাজুল ইসলাম ও তার সহযোগী আকিদুল ইসলাম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি রায়পাশায় ফিরছিলেন। তারা রায়পাশা বালুর চাতালের পাশে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৩-৪ জনের একদল দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে প্রথমে সিরাজুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা রামদা দিয়ে সিরাজুলকে কুপিয়ে মারাত্মক জখম করে। হামলার সময় সিরাজুলের সহযোগী আকিদুল দৌড়ে পার্শ্ববর্তী লোকজনদের খবর দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর জখম সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে

তার শারীরিক অবস্থার অবনতি হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।

তবে কী কারণে মাওলানা সিরাজুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে- সে বিষয়ে সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য যে, মাওলানা সিরাজুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি পরপর ৫ বার ৪নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।