কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাজার থেকে জুড়ী উপজেলায় যেতে হয় সড়কপথে। কিন্তু যে জায়গায় তিনি মারা গেছেন, তাতে মনে হয় কোনো কারণে তিনি সেখানে গিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করতে পারেন।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু |প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সিলেট-আখাউড়া সেকশনের কুলাউড়া জংশন স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুধীর জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের চক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে।

রেলওয়ে সূত্র জানায়, চট্রগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া জংশন স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে দু’টি সিগন্যালের মধ্যবর্তী আলালপুর নামক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ সুধীরের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সুধীর বিশ্বাস উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হন। তবে তিনি কিভাবে এই দুর্ঘটনার শিকার হন তা নিশ্চিত করা যায়নি।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো জানান, ব্রাহ্মণবাজার থেকে জুড়ী উপজেলায় যেতে হয় সড়কপথে। কিন্তু যে জায়গায় তিনি মারা গেছেন, তাতে মনে হয় কোনো কারণে তিনি সেখানে গিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করতে পারেন।