সিরিয়াল ভেঙে স্বজনপ্রীতি, চুয়াডাঙ্গায় পাম্প ম্যানেজারকে জরিমানা

সদর থানাধীন আলোকদিয়া ইউনিয়নের আলোকদিয়া বাজারস্থ মেসার্স বিশ্বাস ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
পাম্প ম্যানেজারকে জরিমানা
পাম্প ম্যানেজারকে জরিমানা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় একটি ফিলিং স্টেশনে স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে তেল বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজারকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ মার্চ) দুপুরে সদর থানাধীন আলোকদিয়া ইউনিয়নের আলোকদিয়া বাজারস্থ মেসার্স বিশ্বাস ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাম্পে তেল বিক্রির সময় দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষমাণ সাধারণ ক্রেতাদের উপেক্ষা করে সিরিয়াল ভঙের মাধ্যমে পরিচিতজনদের অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করা হচ্ছিল। এতে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

এ অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল নাঈম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্বাস ফিলিং স্টেশনের ম্যানেজার মো: আল-বেলালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে আব্দুল্লাহ আল নাঈম বলেন, ‘অনেকেই রাত থেকে তেল নেয়ার জন্য লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু সিরিয়াল না মেনে এবং অনিয়মের মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে তেল দেয়ার অভিযোগ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।’

তিনি আরো জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে। একইসাথে স্বজনপ্রীতি পরিহার করে নির্ধারিত নিয়মে সিরিয়াল অনুযায়ী তেল বিক্রি নিশ্চিত করতে বলা হয়েছে।