সিলেট বিভাগীয় কমিশনার

মে দিবস শ্রমজীবী মানুষের সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার অনন্য ইতিহাস

‘কর্মক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে দেশের অগ্রগতির পথ আরো সুগম হবে। পাশাপাশি শ্রমিকদেরও মালিকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিক হতে হবে।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বক্তব্য রাখছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান
বক্তব্য রাখছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান |নয়া দিগন্ত

সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান বলেছেন, ‘মে দিবস শ্রমজীবী মানুষের ত্যাগ, সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার অনন্য ইতিহাস। শ্রমিকদের ঘাম ও রক্তের বিনিময়ে আজকের এই সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে। তাদের অবদানেই দেশের বড় বড় উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতি সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘শ্রমিকদের দারিদ্র্য বিমোচন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান সর্বাধিক, তাই তাদের সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।’

শুক্রবার (১ মে) দুপুরে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দফতর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, ‘মহান মে দিবস আমাদের সমাজে সমতা, সাম্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। আমি শ্রমিকদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো: সারওয়ার আলম বলেন, ‘শ্রমিকের রক্ত, ঘাম, শ্রম ও ত্যাগের বিনিময়েই একটি দেশের উন্নয়ন সম্ভব। কর্মক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলে দেশের অগ্রগতির পথ আরো সুগম হবে। পাশাপাশি শ্রমিকদেরও মালিকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আন্তরিক হতে হবে। মালিক-শ্রমিক সম্পর্ক হতে হবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুর রহিম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নাজের আহমদ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, আঞ্চলিক শ্রম অধিদফতরের উপপরিচালক অধীর চন্দ্র বালাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকতা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে রিকাবী বাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়।