নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (২১) নামে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আরো তিন পরীক্ষার্থীসহ মোট চারজন আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার লতিফপুর ইউনিয়নের চৌমুহনী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইন উদ্দিন লক্ষীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।
জানা যায়, সোমবার অনুষ্ঠিত আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে মাইন উদ্দিনসহ কয়েকজন শিক্ষার্থী বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের রাশেদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে যান। পরীক্ষা শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা। পথে আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও চার পরীক্ষার্থী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত অপর তিন পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদরাসার শিক্ষার্থী ও নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে প্রায় দুই ঘণ্টা লক্ষীপুর-চৌরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির রব্বানী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা চালকসহ কাভার্ডভ্যানটি আটক করেন। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



