নেত্রকোনার কেন্দুয়ায় পুলিশ হেফাজতে থাকা সন্দেহভাজন মাদক কারবারিদের পালিয়ে যাওয়ায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) বিষয়টি তদন্ত করছেন বলে জানিয়েছেন।
জানা যায়, উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের চিহ্নিত মাদক কারবারি আজিজুল হক, তার স্ত্রী সালেহা আক্তার ও ছেলে আসাদুল হককে এলাকাবাসী ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাদের চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আজিজুলের অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাৎক্ষণিকভাবে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকি দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার সময় কৌশলে পালিয়ে যান।
তবে পুলিশ বলছে, তারা কোনো মাদক কারবারিকে আটক করেনি। গণপিটুনিতে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছিলেন মাত্র।
বিষয়টি নিয়ে এলাকায় চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। দেখা দিয়েছে উত্তেজনা। এহেন পরিস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বিষয়টি তদন্ত করছেন।
স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া বলেন, মাদক কারবারের প্রতিবাদ করায় স্থানীয় কাজল মিয়াকে মারপিট করে এই মাদক কারবারি পরিবার। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ হেফাজত থেকে তারা পালিয়ে যায়। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, তাদের আটক বা পুলিশ হেফাজতে আনা হয়নি। গণপিটুনিতে আহত হওয়ায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল মাত্র।



