সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেফতার করেছে এসএমপি। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও মেট্রো অধ্যাদেশে গ্রেফতার হওয়া আসামি রয়েছেন। অভিযানকালে ৪৬৫ কেজি ভারতীয় টমেটোও উদ্ধার করা হয়েছে।
এদিকে, এই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৫৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৬টি যানবাহন আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে মহানগরীতে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।



