চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড় কেটে বালু সংগ্রহের সময় বালুচাপায় জামশেদ আলম (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) দক্ষিণ অলি নগরের পাশের এলাকা সাইবেনিখীল ছড়ারকূলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জামশেদ উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার মরহুম আলি আকবরের ছেলে।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনরা জানান, জামশেদ আলম পেশায় লাইটিং মিস্ত্রী ও বাবুর্চি। মাঝে মাঝে তিনি সাইবেনিখীল ছড়ারকূল এলাকায় লোকজন নিয়ে পাহাড় কেটে বালু সংগ্রহ করে তা বিক্রি করতেন। সোমবার সকালেও কয়েকজন শ্রমিক সাথে নিয়ে বালু সংগ্রহের কাজে গেলে বেলা ১১টার দিকে পাহাড় ধসে পড়লে জামশেদ বালুর নিচে পড়ে যান। খবর পেয়ে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাইয়ারহাট পৌরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান। পরে স্বজনরা তার লাশ বাড়ি নিয়ে যান।
এ বিষয়ে নিহত জামশেদ আলমের ভাগ্নে ফখরুল ইসলাম বলেন, ‘আমার মামা লাইটিং ও বাবুর্চির কাজের পাশাপাশি মাঝেমাঝে পাশের এলাকায় গিয়ে শ্রমিক নিয়ে পাহাড় থেকে বালু সংগ্রহ করে তা বিক্রি করতেন। সোমবার কয়েকজন শ্রমিক নিয়ে বালু সংগ্রহের কাজে গেলে পাহাড় ধসে বালুচাপা পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বাইয়ারহাট পৌরবাজারের একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথে অ্যাম্বুলেন্সেই আমার মামা মারা যান।’
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘দক্ষিণ অলিনগরের বাসিন্দা জামশেদ আলম তার পাশের এলাকা সাইবেনিখীলের ছড়ারকূলে পাহাড় কেটে বালু সংগ্রহের সময় পাহাড় ধসে বালুচাপায় মারা যাওয়ার বিষয়টি শুনেছি। ঘটনাস্থল ও তার বাড়িতে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেব আমরা।’



