জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সিলেটে ফিরেছেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি।
শুক্রবার বিকেলে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সিলেট মহানগর মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ।
সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ফৌজিয়া রহমান শিউলী ও সহকারী সেক্রেটারি মুর্শেদা আক্তারের নেতৃত্বে মহিলা জামায়াতের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর দায়িত্বশীলা জাহানারা বেগম, বেগম রহিমুন্নেছা, উম্মে রহিমা, আমিরা বেগম ও জয়নব প্রমুখ।
অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেন, ‘কোরআন ও সুন্নাহের আলোকে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নারীদের উন্নয়নে আমি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শহিদি কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী যে প্রত্যাশা নিয়ে আমাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোনয়ন দিয়েছে আমি সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাবো।’
সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ফৌজিয়া রহমান শিউলী নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, তিনি সমাজের সব নিপীড়িত নারীর পক্ষে কথা বলবেন, ন্যায় ও ইনসাফের জন্য সংসদে বলিষ্ঠ আওয়াজ রাখবেন। সবশেষে তিনি মাননীয় সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।



