সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২০ জুলাই) বিকেলে নগরীর পাঠানটুলা এলাকায় মহানগর জামায়াতের জালালাবাদ থানার উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে থানা আমির মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জুনাইদ আল হাবিবের পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় নেতারা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষাকে গলাটিপে হত্যা করেছে। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আগামী ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ।
সভায় বক্তব্য রাখেন থানা সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীন, নয় নম্বর ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম চুন্নু, ৩৮ নম্বর ওয়ার্ড সভাপতি দুলাল আহমদ, নয় নম্বর ওয়ার্ড সেক্রেটারি মাওলানা খলীলুর রহমান, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক রাজন, মাওলানা হোসাইন আহমদ, মাস্টার গুলজার আহমদ ও সাব্বির আহমদ।
প্রচার মিছিল ও পথসভায় জালালাবাদ থানার বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।



