বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।’
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ আগে, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত গণমিছিলটি মুন্সীগঞ্জ পৌর বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
আ জ ম রহুল কুদ্দুস বলেন, ‘দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পতিত ফ্যাসিবাদী সরকারের কিছু দোসর প্রতিবেশী দেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাদেরকে দেশে এনে বিচারের মুখোমুখী করতে হবে। বর্তমান সরকারের ভিতরের কিছু লোক জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতা নুর হোসাইন নুরানীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজীর পরিলনায় সমাবেশে জামায়াতের মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমির মাওলানা মো: নুরুল হক পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল আলিম, বাংলাদেশ খেলাফত মজলিশের সদর উপজেলা সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।



