সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা বিক্রেতা বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় মাগুরা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সমিতির সভাপতি লাল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীম শেখ ও সদস্য ফয়সাল হোসেন বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবি জানান।
পরে মানববন্ধন শেষে শহরের চৌরঙ্গী মোড় ঘুরে সরকারি কলেজ রোড হয়ে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে বিক্ষোভ কর্মসূচি করে। এ সময় সমিতির নেতারা প্রধানমন্ত্রী বরাবর মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।



