মাদারীপুরের শিবচরে দোকানের তালা ভেঙে ২৮ ব্যারেল বা ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে তা খোলাবাজারে নায্যমূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শিবচর উপজেলার শেখপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ডিজেল না পাওয়ায় শিবচরের কৃষকদের কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এই তেল মজুদ করে রেখেছে কৃষকদের দেয়া এমন গোপন সংবাদের ভিত্তিতে শিবচরের শেখপুর বাসস্ট্যান্ড এলাকার মেসার্স রোকন স্টোর ও মালিকের নিজ বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানের তালা ভেঙে জব্দ করা হয় ১৮ ব্যারেল জ্বালানি তেল। পরে পাশের তনাই মোল্লার দোকানে অভিযান চালিয়ে আরো ১০ ব্যারেল ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে উদ্ধারকৃত তেল খোলাবাজারে স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।
শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, শিবচরে ১৫দিন যাবৎ কৃষক জ্বালানি তেল পাচ্ছে না। অথচ একটি অসাধু চক্র তেল মজুদ করে কৃত্রিম সঙ্কট করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা চালিয়ে ২৮ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। সেখানে পাওয়া ৫ হাজার ৬শ লিটার জ্বালানি তেল সাধারণ কৃষক ও স্থানীয়দের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে। পরে সেই অর্থ সরকারি কোষাগারে টাকা জমা দেয়া হয়।



