সিংগাইরে পাটক্ষেতে মিলল ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ

রাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি পাটক্ষেত থেকে সাকিবুলের লাশ উদ্ধার করে।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
মৃত সাকিবুল ইসলাম
মৃত সাকিবুল ইসলাম |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে পাটক্ষেত থেকে সাকিবুল ইসলাম (১৭) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাস্তা-গোলাই এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

সাকিবুল সদর উপজেলার মিতরা গ্রামের বাসিন্দা রহমত আলী ওরফে টুলুর ছেলে। সে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ওই এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি পাটক্ষেত থেকে সাকিবুলের লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রথমে অটোরিকশার সূত্র ধরে ঘটনাস্থলে অনুসন্ধান চালানো হয়। পরে নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি স্যান্ডেল জব্দ করা হয়েছে। এসব আলামত গুরুত্ব দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহে স্বপন (২২) নামে এক ফার্ণিচার ডিজাইনারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

বুধবার দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার সারওয়ার আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।