চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদক সেবনের অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে আনোয়ারা সদর ইউনিয়নের সর্দ্দার পাড়া এলাকায় বাবুল মেম্বারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ারা সদর ইউনিয়নের বিজয় সর্দ্দারের ছেলে রানা সর্দ্দার ও একই ইউনিয়নের বাতাস সর্দ্দারের ছেলে কালু সর্দ্দার। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
এছাড়া চাতরী ইউনিয়নের আমির আহমদের ছেলে মো: নাছির এবং আনোয়ারা সদর ইউনিয়নের রবিন্দ্র ঘোষের ছেলে সজল ঘোষকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা উপস্থিত ছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ও আনোয়ারা থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



