সিলেট নগরের কোতোয়ালি থানার কাজিরবাজারের মোগলটুলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ৯ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শুক্রবার (১৯ জুন) র্যাব-৯-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন ও ছয়টি টালি খাতা জব্দ করা হয়েছে।
আটকরা হলেন, সিলেটের কোতোয়ালি থানাধীন পশ্চিম কাজিরবাজার মোগলটুলা এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে জীবন আহমদ (৩২), একই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৭), মো. শাহীনের ছেলে মো. সানি (২২) ও মো. মুক্তার খানের ছেলে ইমন খান বাদল (২২), সুনামগঞ্জের তাহিরপুর থানার কাওকান্দি গ্রামের মৃত আশরাফুল মিয়ার ছেলে মো. জুয়েল আহমদ ছানাউল্লাহ (৩০), জামালগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের মো. আব্দুর শহিদের ছেলে মো. আজিজুর রহমান (৪৪) ও সুনামগঞ্জ সদর থানার নতুন পৈন্দা গ্রামের মৃত রশিদ আলীর ছেলে মো. নমিরুল ইসলাম (৪২), সিলেটের দক্ষিণ সুরমা থানার সদরখলা গ্রামের মৃত মনমোহন দেবনাথের ছেলে মধু দেবনাথ (৫৫) এবং ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোবরাকুড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মমিনুল (৪৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে র্যাবের একটি দল কোতোয়ালি থানার সার্কিট হাউজ এলাকার সামনে অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে যে, কাজিরবাজারের মোগলটুলা এলাকায় কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনা করছে। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ৯ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্ন অনলাইন অ্যাপের মাধ্যমে ‘১০ টাকায় ৮০০ টাকা’ পাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে জুয়ার সাথে সম্পৃক্ত করার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র্যাব। এভাবে তারা অংশগ্রহণকারীদের কাছ থেকে কমিশন আদায় করতেন। জব্দ করা মোবাইল ফোনে অনলাইন জুয়ার সংশ্লিষ্ট ডিজিটাল আলামতও পাওয়া গেছে বলে জানানো হয়।
এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিদের সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।



