সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লায় তৃতীয় লিঙ্গের শাপলা চৌধুরীর বাসায় ২২ ভরি সোনা ও ২৮ লাখ টাকা চুরির রেশ না কাটতেই সোমবার (১৮ আগস্ট) সকালে এবং তার আগের দিন রোববার দিবাগত রাতে চিহ্নিত মাদক কারবারিরা রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে একই বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় চিহ্নিতরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তৃতীয় লিঙ্গের শাপলা চৌধুরী। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এর আগে গত ২ আগস্ট দিবাগত রাতে জানালার গ্রিল কেটে এই বাড়ি থেকেই নগদ ২৮ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৮৪ লাখ টাকার মালামাল চুরি হয়। চুরির ঘটনায় থানায় মামলাও করা হয়েছে। কিন্তু ঘটনার সাথে জড়িতদের থানা পুলিশ আটক বা গ্রেফতার করতে না পারায় শাপলা চৌধুরী হতাশা প্রকাশ করেন।
শাপলা চৌধুরীর দাবি, চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হামলার ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ।
স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আর এই আতঙ্কের মধ্যে ডগরমোড়া সমাজকল্যাণ সমিতি ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করেছে। এ কমিটি দফায় দফায় মিটিংও করছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিকেলে নয়াদিগন্তকে জানান, এলাকার চিহ্নিত আল-আমিন এবং সাগরকে আটক করার জন্য চেষ্টা চলছে। এ ছাড়া এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে।



