প্রধানমন্ত্রীর নির্দেশনায় কুমিল্লা নগরীকে বাসযোগ্য ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে ‘মশামুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন সিটি’ রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
শনিবার (২৮ মার্চ) নগরীর ১০ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে নগরীর সার্বিক উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।’
তিনি জানান, নগরীতে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করছেন। তবে সীমিত অবকাঠামো, ফুটপাত দখল এবং অব্যবস্থাপনার কারণে যানজট, জনদুর্ভোগ ও জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়। এজন্য নগরীকে মশামুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
তিনি সবার সহযোগিতা কামনা করেন, যাতে কুমিল্লা সত্যিকার অর্থে ক্লিন ও গ্রিন সিটি হয়ে ওঠে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ অন্যরা।



