সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক ও ব্যবসায়ী নিহত

ভোর রাতে শাহজাদপুরগামী একটি পিকআপের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Sirajgonj
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপচালক ও এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর রাতে ঢাকা-পাবনা মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার বলেন, ভোর রাতে শাহজাদপুরগামী একটি পিকআপের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত পিকআপচালক রেজওয়ান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

মৃত পিকআপচালক রেজওয়ান হোসেন (৩৫) নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের বাসিন্দা। নিহত দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০) বগুড়া সদর থানার হেলেনসা পাড়ার বাসিন্দা।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র : বাসস