দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনার কারণে রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি।
অবশেষে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনের নির্দেশে দীর্ঘ ২০ বছর পর সোমবার (১৮ মে) রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কারের কাজ শুরু হওয়ায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, অন্যান্য বছরের মতো এবার আর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হবে না।
ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে নগরবাসীর প্রতি সচেতনতার আহ্বান জানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, সবাইকে সচেতন হতে হবে। ড্রেনে ময়লা ফেলা যাবে না। আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। নিজের নগরকে পরিচ্ছন্ন রাখতে নিজে সচেতন হতে হবে। পাশাপাশি অন্যকেও সচেতন করতে হবে।



