মুন্সীগঞ্জে বিকল ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় নিহত ১

মাওয়ামুখী একটি বিকল ট্রাক ত্রুটি মেরামতের জন্য সড়কে থেমে থাকাকালে পেছন থেকে আসা অপর একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার আহত হন এবং ট্রাকের ভেতরে আটকা পড়েন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম
ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে থেমে থাকা বিকল একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুরের জাজিরার কাজিরহাট গ্রামের দবির বেপারীর ছেলে। এ ঘটনায় আহত অপর ট্রাকের হেলপার ইমরান মন্ডল (২৪) সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গাল মোড়দহ এলাকার বাসিন্দা।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, মাওয়ামুখী একটি বিকল ট্রাক ত্রুটি মেরামতের জন্য সড়কে থেমে থাকাকালে পেছন থেকে আসা অপর একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের হেলপার আহত হন এবং ট্রাকের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাইড্রলিক যন্ত্রপাতি ব্যবহার করে আটকে পড়া হেলপারকে উদ্ধার করেন। একপর্যায়ে উভয় ট্রাকের আহত দু’জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শওকতকে মৃত ঘোষণা করেন।

অপর আহত হেলপার ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।