আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে দায়ের হওয়া বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ১০১টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
জননিরাপত্তা বিভাগের আইন শাখা-১-এর সহকারী সচিব মো: মফিজুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯৪ ধারার আওতায় মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রত্যাহারের অনুমোদনকৃত মামলাগুলো হলো চুয়াডাঙ্গা সদর থানায় ২৬টি মামলা, আলমডাঙ্গা থানায় ২০টি মামলা, দামুড়হুদা থানায় ২১টি মামলা, দর্শনা থানায় চারটি মামলা, জীবননগর থানায় ২৮টি মামলা এবং পোড়াদহ রেলওয়ে থানার দু’টি মামলা রয়েছে।
এ মামলাগুলোর বেশিভাগই দায়ের করা হয়েছিল ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধারায়। এসব মামলায় রাজনৈতিক কর্মকাণ্ডের সময় আটক বা অভিযুক্ত হওয়া নেতাকর্মীরা দীর্ঘ দিন ধরে হয়রানির শিকার হচ্ছিলেন বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু জানান, জেলার মোট ১৫৩টি মামলা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। এর মধ্যে ১০১টি মামলার অনুমোদন পাওয়া গেছে। বাকি ৫২টি মামলা হত্যা, নারী ও শিশু নির্যাতন এবং মাদক সংক্রান্ত হওয়ায় সেগুলো বিবেচনায় আনা হয়নি।’
তিনি আরো জানান, ইতোমধ্যে তিনটি মামলার প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা হয়েছে। বাকি মামলাগুলোও পর্যায়ক্রমে আদালতে উপস্থাপন করে প্রত্যাহারের আবেদন করা হবে।



