মুন্সীগঞ্জ সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ককটেল ও হেরোইনসহ এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মোল্লাকান্দি আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গোপন তথ্যের ভিত্তিতে ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। রাত ১টার দিকে সন্দেহভাজন রনি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ সময় তার বাড়ি থেকে দু’টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম এবং কিছু পরিমাণ হেরোইন উদ্ধার করা হয় বলে দাবি করেছে সেনাবাহিনী।
সেনা সূত্র আরো জানায়, গ্রেফতার ব্যক্তি ও তার সহযোগীরা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় ককটেল তৈরি করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



