বগুড়ায় অটোরিকশায় বাসের ধাক্কা, ২ ভাই নিহত

শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bogura
দুর্ঘটনাকবলিত অটোরিকশা
দুর্ঘটনাকবলিত অটোরিকশা |ইন্টারনেট

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের দুই মামাসহ আরো একজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর দুই ছেলে মো: আকাশ (২৫) ও মো: আরিফ (২১)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, গতকাল রাত ১২টা ২০ মিনিটে বগুড়া শহর থেকে শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মারা যান আকাশ।

তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাশের ছোট ভাই আরিফ।

তাদের দুই মামা হায়দার আলী ও আবদুল আজিজ এবং পলাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পে হেফাজতে রেখেছে।

সূত্র : বাসস