ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে টাকা ছিনতাই : গ্রেফতার ১

ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে মূল অভিযুক্ত গ্রেফতার ও ৯০ হাজার টাকা উদ্ধার।

শহীদুল্লাহ খান, ঈশ্বরদী (পাবনা)

Location :

Ishwardi
ছিনতাইয়ে অভিযুক্ত আকবর খানকে গ্রেফতার করেছে পুলিশ
ছিনতাইয়ে অভিযুক্ত আকবর খানকে গ্রেফতার করেছে পুলিশ |নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয়ে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে সোয়া চার লাখ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার মূল অভিযুক্ত আকবর খানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত অর্থের মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আকবর খান পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদী থানায় দায়ের হওয়ার তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৭টার দিকে পাবনা সদর উপজেলার সিংগা গ্রামে আকবরের শ্বশুর ফারুক বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট চরপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী মো: শাহিন আলী গত ২৪ জুলাই সন্ধ্যায় একটি ট্রাকে মাছ নিয়ে ফরিদপুরের ভাঙ্গা মাছের আড়তের উদ্দেশে রওনা দেন। তার সাথে ছিলেন সহকারী আনিছুর রহমান (২২)। পরদিন মাছ বিক্রি করে নগদ ৪ লাখ ২৬ হাজার ১৮০ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদ আলীর মোড়ে পৌঁছালে কালো রঙের একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। তারা ট্রাকে মাদক রয়েছে দাবি করে তল্লাশির নামে মাছ ব্যবসায়ীদের ভয়ভীতি দেখাতে থাকেন। একপর্যায়ে মাছ বিক্রির নগদ টাকা-ভর্তি ব্যাগটি নিজেদের হেফাজতে নিয়ে রূপপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে তল্লাশি করা হবে বলে জানান। এরপর সহকারী আনিছুর রহমানকে টাকার ব্যাগসহ মোটরসাইকেলে তুলে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে শাহিন আলী রূপপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে জানতে পারেন যে সেখানে কাউকে আনা হয়নি। পরে আনিছুর রহমান অপরিচিত এক ভ্যানচালকের মোবাইল ফোন থেকে জানান, হারুখালী মাঠ-সংলগ্ন রেশম বাগান এলাকায় তার গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে টাকা-ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দাশুড়িয়ার দিকে পালিয়ে যান।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং মাঠপর্যায়ের তদন্তের সমন্বয়ে পুলিশ মূল অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান বলেন, ‘ডিবি পুলিশের পরিচয়ে সঙ্ঘটিত এই ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’