নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় আজগর আলী (৫৪) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের স্বরূপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজগর আলী উপজেলার সদর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন আজগর আলী প্রায় প্রতিদিনই রেললাইনের বিভিন্ন স্থানে একাকী বসে থাকতেন। শনিবার দুপুরে স্বরূপপুর রেলগেট থেকে প্রায় ২০০ মিটার উত্তরে বসে থাকার সময় চিলাহাটি থেকে ঢাকাগামী ট্রেনটি এসে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



