কুমিল্লা বিভাগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করব : আমিন উর রশীদ

‘কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনতে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা নগরী হিসেবে কুমিল্লাকে গড়ে তুলতে চাই। মন্ত্রী হিসেবে আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখতে চাই।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লা বিভাগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করব : আমিন উর রশীদ
কুমিল্লা বিভাগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করব : আমিন উর রশীদ |নয়া দিগন্ত

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, ‘কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনতে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা নগরী হিসেবে কুমিল্লাকে গড়ে তুলতে চাই। মন্ত্রী হিসেবে আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখতে চাই। কুমিল্লার সমস্যা সমূহ নিয়ে কাজ করবো। এ অঞ্চলের গণমানুষের দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ। তা বাস্তবায়ন করতে আমার জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করবো।’

শনিবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আমিন উর রশীদ বলেন, ‘সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিকে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। কৃষিতে আখতার হামিদ খান উদ্ভাবিত কুমিল্লা মডেল এখনো দেশ-বিদেশে সমাদৃত। আমিও একজন কৃষক, আমি জানি কীভাবে ধান ফলাতে হয়। কুমিল্লাসহ সারাদেশের আমি কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এসেছে। তাই জনগণের আশা-আকাঙ্ক্ষা এ সরকারের কাছে অনেক বেশি। আগামীর বাংলাদেশ বাকস্বাধীনতা ও সমৃদ্ধির বাংলাদেশ। সরকার এ লক্ষ্যেই কাজ করবে।’

তিনি আরো বলেন, ‘কুমিল্লায় আমিই প্রথম রপ্তানিমুখী কারখানা স্থাপন করেছি, আপনারা আমাকে উৎসাহ দিয়েছেন। এখন কুমিল্লায় এক প্রকার শিল্প বিপ্লব হয়েছে, অনেক কারখানা হয়েছে। এর অগ্রগতি অব্যাহত থাকবে।’

এক প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী বলেন, ‘সরকারি গাড়ি ব্যবহার করি না, তেল খরচও নেই না। আগামীতেও করবো না। এছাড়া আমি সরকারি বেতন-ভাতাও নেব না।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কীভাবে আমরা স্ব স্ব বিভাগে কাজ সঠিকভাবে করতে পারি সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে আমি ভালো কিছু করতে পারবো বলে বিশ্বাস করি।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।