নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নানা আয়োজনে ইইই ডে-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান উপলক্ষে সোমবার (৬ জুলাই) নোবিপ্রবি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও ইইই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় ভিসি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, মোবাইল গেমিং, সার্কিট অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোইং রোবট ও ট্রেজার হান্ট ইভেন্টসমূহের উদ্বোধন করেন।
দিবসটি উপলক্ষে এ দিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী, প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: বেল্লাল হোসাইনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চতুর্থবারের মতো নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ৬ ও ৭ জুলাই ইইই ডে উদযাপন হচ্ছে। এ উৎসবে ইইই বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি নোবিপ্রবির অন্যান্য বিভাগ ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশ এবারের আয়োজনের মূল লক্ষ্য। আগামীকাল ৭ জুলাই এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।



