চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় মো: মহিউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার মাদামবিবিরহাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন ভাটিয়ারী স্টেশন রোড এলাকার নেসার আহমেদের ছেলে। তিনি ৯ নম্বর ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন। এছাড়া তিনি পুরাতন জাহাজের ক্যাবল ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন মহিউদ্দিন। পথে মাদামবিবিরহাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মহিউদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বিএসবিএ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, মো: মহিউদ্দিন ভাটিয়ারী ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি ক্যাবল ব্যবসায়ী ছিলেন।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো: জাকিরুল ইসলাম জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



