মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের সংবাদ প্রকাশ করায় আলমগীর হোসাইন নামে এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকের দাবি, এটি একটি পরিকল্পিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার উপজেলার কড়ইচড়া ইউনিয়নের চর নলছিয়া গ্রামের ঝারকাটা নদীর খাস জমি থেকে নুর নবী নামে এক ব্যক্তি নিজেকে আনসার কমান্ডার পরিচয় দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করছিলেন। তিনি পাশের মেলান্দহ উপজেলার নলছিয়া গ্রামের মরহুম সিরাজ আকন্দের ছেলে।
এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গেলে ঢাকা প্রেসের জামালপুর প্রতিনিধি, জে এ টিভির মাদারগঞ্জ প্রতিনিধি এবং মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো: আলমগীর হোসাইন হৃদয়কে সংবাদ প্রকাশ না করার জন্য ঘুষ দেয়ার চেষ্টা করা হয়।
স্থানীয় সাদা মিয়া নামে এক ব্যক্তি তাকে ঘুষ দিতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরবর্তীতে নুর নবী ও তার সহযোগীরা ওই সাংবাদিককে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। তবে এসব উপেক্ষা করে তিনি অবৈধ মাটি উত্তোলনের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেন।
সংবাদ প্রকাশের পর মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে একটি ভেকু (খননযন্ত্র) অকেজো করে তার ব্যাটারি জব্দ করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নুর নবী ওই সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ এনে জামালপুর আদালতে দুটি মামলা দায়ের করেন।
অভিযোগের বিষয়ে জানতে নুর নবী ও তার সহযোগী সাদা মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি।
এ বিষয়ে সাংবাদিক আলমগীর হোসাইন বলেন, ‘আমি পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। অবৈধ কার্যক্রমের সংবাদ প্রকাশ করায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।’



