জাতীয় ছাত্রশক্তি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের শিক্ষার্থী রশিদ আবরার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো: রিয়াজ হোসেন।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষার্থী মিসবাহুর রহমান জাহিদ। সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের মুহাম্মদ রবিউল হোসেনকে। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম (জীবন)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক বছরের জন্য এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। একইসাথে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক রশিদ আবরার বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয় হতে হবে সার্বজনিন। এখানে যেমন উচ্চবিত্ত পরিবারের ছেলে-মেয়েরা পড়াশোনা করে, তেমনি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, রিকশাচালক, দিনমুজুরের ছেলে-মেয়েরাও পড়াশোনা করে। সবার মৌলিক অধিকার রয়েছে মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার।’
তিনি আরো বলেন, ‘কিন্তু বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বিক খরচ বলতে গেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মতো হয়ে যাচ্চে দিনকে দিন। শিক্ষার মতো মৌলিক বিষয়কে কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে মেধার জোরে চান্স পাওয়ার পরেও। এখনি সময় শিক্ষাকে ব্যাবসায়িকরণ থেকে বের করার। ভর্তি ফি, সেমিস্টার ফি, ক্রেডিট ফিসহ সব ধরনের ফি সহনীয় পর্যায়ে আনতে হবে।’



