রাজধানী থেকে শীর্ষ সন্ত্রাসী শফিক গ্রেফতার

তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে শফিককে গ্রেফতার করা হয়।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
গ্রেফতার শফিক
গ্রেফতার শফিক |নয়া দিগন্ত

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শীর্ষ সন্ত্রাসী শফিক ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: নুরনবী এ তথ্য জানান।

গ্রেফতার শফিকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে।

র‍্যাব জানায়, শনিবার নবীনগরের খাগাতুয়া গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিককে গ্রেফতারের চেষ্টা করা হলে তার সহযোগীরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় চারজন র‍্যাব সদস্য আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর শফিককে গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে র‍্যাব। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাব-৯ ও র‍্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার বাউন্ডারিঘাট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাবের দাবি, শফিকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদককারবারি, ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ১৫টির বেশি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন নবীনগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন প্রকাশ্যে একজনকে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

র‍্যাব জানিয়েছে, শফিক ডাকাতের সহযোগীদের গ্রেফতার এবং এলাকায় সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত থাকবে।