দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, একজন আটক

ঘটনাস্থলেই এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও তার সহযোগী পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিকে মারধরের পর পুলিশে হস্তান্তর করা হয়।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
দুর্গাপুরে আটক ছিনতাইকারী
দুর্গাপুরে আটক ছিনতাইকারী |নয়া দিগন্ত

রাজশাহীর দুর্গাপুরে প্রকাশ্যে ভ্যানগাড়ি ছিনতাইয়ের চেষ্টা চলাকালে এক ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নান্দোপাড়া বিলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ভ্যানচালক আবু তাহের (৪৫) ছিনতাইচেষ্টার শিকার হন। তিনি নান্দোপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা সম্ভব হলেও তার সহযোগী পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিকে মারধরের পর পুলিশে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তি নাটোরের লালপুর উপজেলার শহিদুল ইসলাম (৪২) বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, ওই এলাকায় এর আগেও একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, ফলে দীর্ঘদিন ধরে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে গত ২৩ এপ্রিল একই এলাকায় এক এনজিও কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, “এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”