ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের দায়ে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালত পাঁচ মাদকসেবীকে সাজা দিয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে এ সাত আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো: মাহতাব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর ইউনিয়নের নাইঘর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের মো: মেহেরাজ হোসেন সিয়াম (১৯) ও একই ইউনিয়নের উত্তর তেতাভূমি গ্রামের মো: সাকিব (২৩)।
অন্য অভিযানে, এসআই সুজন কুমার আচার্য্য, এসআই মো: মাহতাব হোসেন ও এএসআই লিংকন কুমার নাথের সমন্বয়ে পুলিশের একটি দল মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালতে তাদেরকে সাজা দিয়েছেন।
সাজাপ্রাপ্তরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার মো: রিয়াদ (১৯) ও মো: সাদ্দাম (২৮), বুড়িচং উপজেলার পশ্চিম সিং এলাকার মো: বখতিয়ার (২০), বরুড়া উপজেলার খোশবাস এলাকার মো: কাউছার (৩৫) এবং কুমিল্লার কোতোয়ালি থানার নিশিচন্তপুর এলাকার মো: আনিছ (২৮)।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।



