নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিতপুরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এতে নেতৃত্ব দেন ইউএনও রাকিবুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর পোরশা জোনের ডিজিএম মুহিউদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহসহ নেতারা দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।



