বরিশালের উজিরপুরে হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উত্তম কুমারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হারতা বাজার এলাকায় হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে শিক্ষক উত্তম কুমারের ওপর হামলা চালানো হয়। পরে তাকে একটি নির্মাণাধীন ঘরের ভেতরে নিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
ঘটনার কারণ হিসেবে জানা যায়, এক তরুণীর সঙ্গে শিক্ষকের ঘনিষ্ঠতার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
তবে শিক্ষক উত্তম কুমার দাবি করেন, ওই তরুণী তার ছাত্রী নন এবং উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ের প্রস্তুতি চলছিল। তিনি বলেন, “কে বা কারা ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে, তা আমার জানা নেই।”
অভিযুক্ত মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী বলেন, কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ার পর তিনি বিষয়টিকে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ হিসেবে দেখেছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, “ভাইরাল ভিডিওটি আমরা দেখেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”



