তাহিরপুরে ৩৭ বোতল বিদেশী মদসহ মাদককারবারি আটক

টিনশেড ঘরের ভেতর থেকে একটি খাকি রঙের কাগজের কার্টুনে রক্ষিত ৩৭ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
৩৭ বোতল বিদেশী মদসহ আটক মো: রাসেল মিয়া
৩৭ বোতল বিদেশী মদসহ আটক মো: রাসেল মিয়া |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুর থেকে ৩৭ বোতল বিদেশী মদসহ মো: রাসেল মিয়া (৩৪) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-৯।

শুক্রবার (১৩ মার্চ) ভোর রাতে উপজেলা বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাসেল উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মরহুম ইমাম উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও এলাকার একটি টিনশেড ঘরের ভেতর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দু’জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে মো: রাসেল মিয়াকে আটক করা হয় এবং অপরজন কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায়, তার হেফাজতে বিদেশী মদ রয়েছে। পরে তার দেখানো মতে টিনশেড ঘরের ভেতর থেকে একটি খাকি রঙের কাগজের কার্টুনে রক্ষিত ৩৭ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ও পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজসে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মদ সংগ্রহ-পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।