জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা।

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
জেলা ও দায়রা জজ আদালত
জেলা ও দায়রা জজ আদালত |নয়া দিগন্ত

জামালপুরে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলায় তিনজনে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত।

বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ -এর বিচারক মো: আব্দুর রহিম এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— জামালপুর সদর উপজেলার পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো: ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী এবং শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন।

অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক বলেন, ‘২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন ধর্ষিতা গৃহবধূ সদর থানায় মামলা করেন।’

চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞআদালত।