ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের ও উপজেলা কৃষকদলের ইফতার মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সুবির কুমার স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। ফলে পুর্ব ঘোষিত স্থানে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।
ফিরোজের অনুষ্ঠানে হামলা হতে পারে এমন আশঙ্কায় পুলিশ এসে তাদের অনুষ্ঠান বন্ধ করার জন্য নির্দেশ দেন। কিন্তু তারা অনুষ্ঠান পালনে অটল থাকলে রোববার দুপুরের পর থেকে ১৪৪ ধারা জারির বিষয়টি অবগত করে শহরে মাইকিং করা হয়।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সাইফুল ইসলাম ফিরোজ ইফতার মাহফিলের আয়োজন করেন। অন্যদিকে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে একই স্থানে ইফতার মাহফিলের ঘোষণা দেয়া হয়।
দুই পক্ষের একই স্থানে অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। ফলে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা সৈনিক। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। আমি তারেক রহমানের সফলতা ও থালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কর্মসূচির আয়োজন করেছিলাম। এখন আপনাদের মাধ্যমে শুনছি ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পূর্ব ঘোষিত স্থানে মাহফিল না করে অনত্র করার ব্যবস্থা নিয়েছি।
কালীগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।



