অর্ধশত বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

ভূঞাপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

টাঙ্গাইলের ভূঞাপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় অর্ধশতাধিক বাড়ি-ঘর ও দোকানপাট, লুটপাট হয়েছে জিনিসপত্র।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Bhuapur
ভূঞাপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০
ভূঞাপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ |নয়া দিগন্ত

টাঙ্গাইলের ভূঞাপুরে দোকানে বাকির টাকা চাওয়াকে ঘিরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ২০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় অর্ধশতাধিক বাড়ি-ঘর এবং দোকানপাট, লুটপাট হয়েছে জিনিসপত্র।

বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে চলা কয়েক দফা সংঘর্ষের সময় উপজেলার অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী খানও আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

সরেজমিনে জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগতপুড়া গ্রামের শাকিলের দোকানে বাকি চাইতে যায় গোপালপুর উপজেলার গোল পেঁচা গ্রামের টগর। দোকানটি নলিন বাজারে অবস্থিত। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা সালিশের মাধ্যমে মীমাংসা হলেও আক্রোশ থেকে যায়।

এরই জের ধরে বুধবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রসহকারে ব্যাপক সংঘর্ষে জড়ায় জগতপুড়া-নলিন এবং গোল পেঁচা গ্রামবাসী। দফায় দফায় চলে তাদের সংঘর্ষ। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় গোল পেঁচা গ্রামের অর্ধশতাধিক বাড়ি-ঘর ও দোকানপাট। লুটপাট করা হয় জিনিসপত্র।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ভুক্তভোগীরা জানান, দেশীয় অস্ত্রসহকারে বাড়ি-ঘর ও দোকানপাটে হামলা চালানো হয়। লুটপাট করা হয় জিনিসপত্র নগদ টাকা ও স্বর্ণালংকার। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা স্বীকার করে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জিল্লুর রহমান জানান, ৩০-৩৫টির মতো বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।