নবীনগরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

‘আমরা নরমাল ডেলিভারির জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তারা আমার সুস্থ মেয়েকে ওটিতে নিয়ে যায়। পরে গিয়ে দেখি আমার মেয়ের মৃত্যু হয়েছে। ডাক্তারদের ভুল চিকিৎসার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।’

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল ভাঙচুর |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেসরকারি আহমেদ হাসপাতালে রাকিবা আক্তার (১৯) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তবে, স্বজনদের দাবি ভুল চিকিৎসার জন্য তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় রোববার (৫ এপ্রিল) সকালে ক্ষুব্ধ স্বজনরা ওই হাসপাতাল ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন। এর আগে, গতকাল শনিবার (৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওই প্রসূতির মৃত্যু হয়।

নিহত রাকিবা আক্তার উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের মিজান মিয়ার মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে প্রসব ব্যথা উঠলে রাকিবা আক্তারকে আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার সময় তিনি সুস্থ ছিলেন এবং স্বাভাবিক প্রসবের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সিজার করার সিদ্ধান্ত নেয়। পরে গাইনী চিকিৎসক ডা: সৈয়দ কামরুজ্জামান তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান।

প্রসূতির বাবা মিজান মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ ছিল। ডাক্তাররা হঠাৎ করে সিজারের কথা বলেন। পরে আমার নাতি জন্ম নিলেও মেয়েকে অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। এরপর কুমিল্লা নেয়ার কথা বলা হয়। তখন আমার সন্দেহ হয়। পরে মেয়েকে দেখতে গিয়ে দেখি আমার মেয়ে মারা গেছে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।’

প্রসূতির মা রেহেনা আক্তার বলেন, ‘আমরা নরমাল ডেলিভারির জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু তারা আমার সুস্থ মেয়েকে ওটিতে নিয়ে যায়। পরে গিয়ে দেখি আমার মেয়ের মৃত্যু হয়েছে। ডাক্তারদের ভুল চিকিৎসার কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।’

অনুসন্ধানে জানা যায়, ঘটনার পর রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে প্রসূতির স্বজনদের সাথে সমঝোতার চেষ্টা করে। তবে মৃত্যুর দায় কেউ স্বীকার না করায় উত্তেজনা বাড়তে থাকে। পরে রোববার সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালায় এবং বিক্ষোভ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।