গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ছিটকেপড়া আগুনে একটি দোকান পুড়ে তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১১টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে।
দগ্ধরা হলেন- রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মাওনার আল হেরা হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় আশপাশের মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টা ৪০ মিনিটের দিকে মাওনা চৌরাস্তায় আ: সাহিদ সুপার ভিউ মার্কেট নামের ছয়তলা একটি বাণিজ্যিক ভবনের সামনে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর আগুন ছিটকে ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে ভবনের ছয়তলার বারান্দায় রাখা কাপড় এবং নিচে ফুটপাতে থাকা একটি ঘড়ি ও চশমার দোকানে আগুন ধরে যায়।
সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এলাকায় একাধিক বিপণিবিতান ও পাইকারি কাপড়ের বাজার থাকায় রাতে মানুষের ভিড় ছিল। হঠাৎ ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মাওনা-শ্রীপুর সড়কে যান চলাচল ব্যাহত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: নুরুল করিম বলেন, ‘ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় তিন কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।‘



