ফরিদপুরে তারেক রহমানের প্রথম জনসভা আজ

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপির ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান |ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুরে এটিই হবে তার প্রথম জনসভা।

আজ ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিএনপির ফরিদপুর বিভাগীয় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দুপুর পৌনে ২টার দিকে বরিশাল থেকে হেলিকপ্টারযোগে তার ফরিদপুর পৌঁছানোর কথা।

দলীয় চেয়ারম্যানের এই নির্বাচনী সফরকে কেন্দ্র করে নেয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি। জনসভাস্থলে মাঠের দক্ষিণ পাশে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মঞ্চের সামনে বড় জায়গাজুড়ে নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে। বড় বড় ব্যানার ও বিলবোর্ড স্থাপন করে সাজানো হয়েছে, জনসভার আশপাশে মাইক লাগিয়ে বক্তৃতা শোনার ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে জনসভাস্থল পরিদর্শন করেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এসময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

Shama-Obaed

দলীয় সূত্র জানায়, জনসভাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের সদস্যদের সমন্বয়ে আলাদা টিম গঠন করা হয়েছে।

জানা গেছে, এটিই ফরিদপুরে তারেক রহমানের প্রথম রাজনৈতিক কর্মসূচি। বুধবার সকালে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে যশোরে যাবেন। সেখানে জনসভা শেষ করে যাবেন বরিশাল। এরপর বরিশাল থেকে দুপুর ১টার দিকে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টা ৪৫ মিনিটে রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় তার যোগ দেয়ার কথা। জনসভা শেষে বিকেলেই তিনি ঢাকায় ফিরবেন।