চট্টগ্রামের কর্ণফুলীর আব্দুল জলিল চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার (১ মে) দুপুর ৩টার দিকে তিন বন্ধু মিলে দুইটি মোটরসাইকেল যোগে টেকনাফ যাওয়ার পথে মেরিন ড্রাইভে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মনসুর আহমেদ আজাদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা গ্রামের সন্তান। তিনি পূর্ব ইলশা জামালুল কোরআন দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোক্তার আহমদের বড় ছেলে। চার ভাই-বোনের মধ্যে তিনি সবার বড় ছেলে ছিলেন বলে জানা গেছে ।
মনসুর আহমেদ আজাদ শিক্ষকতার পাশাপাশি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি নিজস্ব কোচিং সেন্টারের পরিচালক ছিলেন।
আজ রাতে একই গ্রামের হাজী সাবের আহমেদ ও প্রতিবেশী মো: হাসান জানান, বৃহস্পতিবার তিন বন্ধু মিলে কক্সবাজারে পৌঁছান। শুক্রবার দুপুরে তারা ভাড়া করা ২টি মোটরসাইকেল নিয়ে টেকনাফ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। দুই বন্ধু একটি ও মনসুর আহমেদ আজাদ অপর মোটরসাইকেল চালিয়ে আসছিল মেরিন ড্রাইভ সড়কে। বন্ধুরা আগে চলে আসলেও আজাদ না আসায় দুই বন্ধু আবার ফিরে মেরিন ড্রাইভে গিয়ে দেখেন আজাদ অচেতন অবস্থায় পরে রয়েছেন।
পরে বন্ধুরা মিলে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজাদের লাশ বর্তমানে তার বন্ধুর পরিবারের সদস্যগণ বাঁশখালীর নিজ গ্রামে নিয়ে আসছেন বলে জানিয়েছেন নিহতের প্রতিবেশী মো: হাসান।



