ময়মনসিংহের ভালুকায় শ্রমিকবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রোকসানা আক্তার (৩০) নামে এক পোশাককর্মী নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। হতাহতরা সকলেই ভালুকা কাঠঁলী এলাকায় রাসেল স্পিনিং মিলের শ্রমিক বলে জানা যায়।
সোমবার (৪ মে) সন্ধ্যায় ভারাডোবা-ঘটনাইল সড়কে উপজেলার নিঝুরি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোকাসানা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগজান গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কর্মস্থল থেকে কারখানার বাসে করে অন্য শ্রমিকদের সাথে বাড়ি ফিরছিলেন রোকসান আক্তার। ওই সময় ভারাডোবা-ঘটনাইল সড়কে উপজেলার নিঝুরি বাজার এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে, কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে, গুরুতর আহত রোকসানাকে ময়মনসিংহ নেয়ার পথে তার মৃত্যু হয়।



